সিলেটে দশ মাসে ৬৭ খুন

সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েছে হত্যাকাণ্ডের ঘটনা। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অন্তত ৬৭টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই খুন হয়েছেন ১২ জন।
নিহতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও রয়েছেন। পারিবারিক কলহ, জমি ও পাওনা টাকা নিয়ে বিরোধ, মাদকের টাকা জোগাড় এবং ফুটবল খেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও ঝরছে এসব প্রাণ।
জেলা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সূত্র জানায়, গত দশ মাসে সিলেট জেলার ১৭টি থানায় (জেলা পুলিশের ১১টি ও এসএমপির ৬টি) মোট ৬৭টি খুনের মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অধীনে ৪০টি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অধীনে ২৭টি খুনের মামলা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ১২টি খুনের ঘটনা ঘটেছে অক্টোবর মাসে। এ ছাড়া উল্লেখযোগ্য খুনের মধ্যে জুলাইয়ে নয়টি, জানুয়ারি ও জুনে পাঁচটি করে ১০টি এবং আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বরে চারটি করে খুনের ঘটনা ঘটেছে। উপজেলাভিত্তিক সবচেয়ে বেশি খুনের ঘটনা গোয়াইনঘাটে এবং সবচেয়ে কম জকিগঞ্জে।
সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গত দশ মাসে শুধু জেলা পুলিশের অধীন থানাগুলোতেই ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে।
আলোচিত ও সাম্প্রতিক কিছু হত্যা
গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এর আগে ১১ মে সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। ওই মামলায় ৬ আগস্ট প্রতিবেশী জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া ২২ মে কোতোয়ালিতে ছিনতাইকারী ধরতে গিয়ে র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য এবং একই দিনে জালালাবাদে মায়ের হাতে দেড় বছরের শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহা খুন হয়।
পূর্ব বিরোধের জেরে ২ অক্টোবর দক্ষিণ সুরমা উপজেলায় লন্ডনযাত্রার তিন দিন আগে প্রবাসী শাহ মাহির আহমদ রাসেলকে হত্যা করা হয়। গত ৬ নভেম্বর একই উপজেলায় বিএনপি নেতা গেদা মিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের শিকার হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মহানগর এলাকায় খুনের সংখ্যা তুলনামূলক কম। অধিকাংশ হত্যাকাণ্ডই তাৎক্ষণিক উত্তেজনা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে, যা সব সময় পূর্বপরিকল্পিত নয়।
তবে কিছু ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, তেতলিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে ঘটে যাওয়া খুনগুলো আমাদের জন্য উদ্বেগজনক।
সিলেট জেলায় গত দশ মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তার মতে, এই সময়ে জেলায় রাজনৈতিক কর্মী প্রাণ হারালেও সেই হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে ঘটেনি। বরং অধিকাংশ খুনের পেছনেই রয়েছে পারিবারিক কলহ।
তিনি আরও বলেন, সামান্য উত্তেজনার বশেই মানুষ এখন অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন হওয়া জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ নিয়মিতভাবে এই সচেতনতা তৈরির চেষ্টা করছে।
হত্যাকাণ্ডের এই পরিসংখ্যান নিয়ে ভিন্নমত পোষণ করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার। তার মতে, সব ঘটনা প্রকাশ্যে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি বলেন, একের পর এক নৃশংস ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও হারিয়ে ফেলছে। বিচারের আগেই মেরে ফেলা কিংবা ‘মব’ তৈরি করে পিটিয়ে হত্যার মতো ভয়াবহ অপসংস্কৃতি গড়ে উঠেছে।
বিএনপির সিলেট বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার ও সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, খুনসহ সাম্প্রতিক অনেক অপরাধই পারিবারিক কলহ থেকে জন্ম নিচ্ছে, যার মূলে রয়েছে আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের এই নৈতিক অবক্ষয় রোধেও আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।








