logo

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু, চিরকুটে হত্যার হুমকি

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু, চিরকুটে হত্যার হুমকি
উদ্ধার করা বোমাসদৃশ বস্তু। ছবি: এশিয়া পোস্ট

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার নিজ বাড়ির উঠানের এক পাশে এসব বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখা যায়।

শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিমুল হোসেন বলেন, শুক্রবার সকালে বাড়ির উঠানের এক পাশে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান তিনি। কাছে গিয়ে সেগুলো বোমাসদৃশ মনে হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। সেগুলোর পাশেই একটি চিরকুট পাওয়া যায়।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল, কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং বাড়ির সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।