logo

আশুলিয়ায় মাদ্রাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র হামলা-ভাঙচুর

আশুলিয়ায় মাদ্রাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র হামলা-ভাঙচুর
হামলায় ক্ষতিগ্রস্ত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা। ছবি : এশিয়া পোস্ট

ঢাকার আশুলিয়ার শ্রীপুরে মাদ্রাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় মাদ্রাসার নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শতাধিক ব্যক্তি হেলমেট পরে দেশীয় অস্ত্র ও লাঠি হাতে প্রধান ফটক দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন কক্ষ ও স্থাপনায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদপ্রার্থী লিটন গাজী অভিযোগ করেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে একটি পক্ষ মাদ্রাসায় হামলা চালিয়েছে। এ সময় ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কক্ষ, আসবাবপত্র, কম্পিউটার ও কাচ ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হাসান, হুমায়ুন ও ছোট জাকিরের নেতৃত্বে হামলা ও লুটপাট চালানো হয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, সংশ্লিষ্টরা আদালতে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশকে দিয়ে মামলা করিয়ে এ হামলা চালিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় একটি সভায় রয়েছেন। দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদ্রাসায় ঝামেলা বা সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। ট্রাস্টি বোর্ড নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে গুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পারেননি।