logo

জামালপুরে মুখোশ পরে গ্রামীণ ব্যাংকে আগুন, পেট্রোলভর্তি বোতল উদ্ধার

জামালপুরে মুখোশ পরে গ্রামীণ ব্যাংকে আগুন, পেট্রোলভর্তি বোতল উদ্ধার
জামালপুর সদর উপজেলার মেষ্টা চৌরাস্তায় গ্রামীণ ব্যাংকের মেষ্টা শাখায় আগুন। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর সদর উপজেলার মেষ্টা চৌরাস্তায় গ্রামীণ ব্যাংকের মেষ্টা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পেট্রোলভর্তি একটি বোতলও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ড ও মূল ফটকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা এক ব্যক্তি মশাল জ্বালিয়ে ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এ সময় ব্যাংকের মূল ফটকের ভেতরেও আগুন জ্বলতে দেখা যায়। ঘটনার পর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি পাশের বাড়ির বাসিন্দা আব্দুল জলিলকে বিষয়টি জানান। আব্দুল জলিল আশপাশের লোকজনকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী শাহজাহানকেও ডেকে তোলা হয়।

সরেজমিনে দেখা যায়, ব্যাংক কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও ভেতরের মূল দরজার সামনে আগুন দেওয়া হয়েছিল। এতে সাইনবোর্ড ও মূল ভবনের দরজার গ্রিল পুড়ে গেছে। ঘটনাস্থলে পেট্রোলভর্তি একটি বোতলও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশী আব্দুল জলিল বলেন, রাত ১২টার পরপরই আলম নামে স্থানীয় এক ব্যক্তি রাস্তা দিয়ে ফেরার সময় আগুন দেখতে পেয়ে আমাকে জানান। এরপর আমি স্থানীয় লোকজনকে ডেকে আগুন নেভাই। বাইরের সাইনবোর্ডের আগুন নিভিয়ে গেট টপকে ভেতরে ঢুকে অফিস ভবনের মূল গেটের আগুন নেভাই। বাইরে এ সময় পেট্রোলসহ একটি বোতলও পাওয়া গেছে।

গ্রামীণ ব্যাংকের মেষ্টা শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ বলেন, রাত একটার দিকে বিষয়টি আমি জেনেছি। শাখায় কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাটি রাতে ঘটলেও শুক্রবার সকালে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।