প্রেমের শুরু দুবাইয়ে, বিয়ের পর কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, পরে প্রেম। একপর্যায়ে দুবাইয়ের আদালতে বিয়ে। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।
শনিবার (১৪ নভেম্বর) পীরগঞ্জ উপজেলার জাবরপাড়া হাট গ্রামের বাসিন্দা মাসুদ রানার বাড়িতে গিয়ে এ তথ্য জানা যায়।
রানা ২০২১ সালের শেষ দিকে জীবিকার তাগিদে দুবাই যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ করতে যান ভারতের কেরালার তরুণী অশ্বিনী। সেখানেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভিনদেশি তরুণীর আসার খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। প্রতিবেশী জলেখা বেগম বলেন, ‘আমাদের এলাকায় ভারত থেকে এক মেয়ে রানার বাড়িতে এসেছেন। তাদের বিয়েও হয়েছে। আশপাশের অনেক মানুষ তাদের দেখতে আসছেন।’
মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে তারা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে তার স্বামীর বাড়িতে ওঠেন।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা—দুজনের পছন্দের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তার ভাষ্য, পরিবার তাদের সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাকে আপন করে নিয়েছেন।
তিনি আরও জানান, রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুশি। দুবাই থেকে প্রথমে ভারতে যান, পরে সেখান থেকে স্বামীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সবাইকে ‘খুব ভালো মানুষ’ বলেও উল্লেখ করেন তিনি।
রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় তার ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছে। ছেলে ও পুত্রবধূ এখন বাড়িতেই আছেন। অশ্বিনীকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন তারা। তার দাবি, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

