logo

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ/দোয়া-মিলাদে নিহতদের স্মরণ

দোয়া-মিলাদে নিহতদের স্মরণ
ঝালকাঠিতে নিহত দুই বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকযাত্রায় অংশ নেন বিচার বিভাগের কর্মকর্তারা। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক নিহতের ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তৎকালীন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। তাদের স্মরণে শনিবার শোকযাত্রা, স্মরণসভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) সকালে আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

পরে আদালত চত্বরের ‘শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে’ এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সভা শেষে নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ পড়ানো হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন দুই বিচারক। তাদের বহনকারী মাইক্রোবাসে অতর্কিত বোমা হামলা চালায় জেএমবি। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। শক্তিশালী ওই বোমা হামলায় মাইক্রোবাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়।

হামলার পরপরই ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক হন জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন। জোড়া খুনের এই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে ওই রায় বহাল থাকার পর, ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ছয় জঙ্গি হলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরবর্তীতে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়।

দুই বিচারক হত্যার এই নৃশংস ঘটনা সে সময় দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতি আজও অম্লান। তাদের হত্যার দিনটি বিচার বিভাগের ইতিহাসে শোকাবহ ও বেদনাবিধুর এক অধ্যায় হিসেবে স্মরণ করা হয়।