শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), একই উপজেলার গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উদ্ধার করা মদের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






