অজু করার সময় বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্র নিহত

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রাঘাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল হক (১৫), হোসেনপুরের দেলোয়ারের ছেলে আবু রায়হান (১৪) ও ময়মনসিংহের নান্দাইল কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১৫)।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় বজ্রাঘাতে চার ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।






