Advertisement

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা/এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রসূতি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারী সংস্থা।

শুক্রবার (৩১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নবজাতককে ঢাকায় না এনে সিলেটের সেফ হোমেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার সিআইডি ল্যাবের পরিদর্শক মো. জাহাঙ্গীর সেখানে গিয়ে এই নমুনা সংগ্রহ করেন।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে অভিযুক্ত ব্যক্তি একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। এ সময় তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে তার মা বাড়িতে এসে চিকিৎসকের শরণাপন্ন হন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ১১ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা।

ঘটনার পর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

এদিকে শিশুটির সুরক্ষা বিবেচনায় গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। এরপর ৯ জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়।

তদন্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, নবজাতকের নমুনা সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নমুনাও আগে সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুতই মামলার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

বর্তমানে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক কারাগারে রয়েছেন। নেত্রকোনা আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন।