মৃত্যুর ২ দিন আগে কবরের পাশে ফুলগাছ চেয়েছিলেন ঢাবি শিক্ষার্থী

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুলের গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’
মৃত্যুর মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। স্ট্যাটাস দেওয়ার দুই দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী কবরের পাশে লাগানো হয়েছে বেলিফুলের গাছ।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে বাড়ি থেকে পাবনার উদ্দেশে যাওয়ার পথে কাজিরহাটগামী ‘আব্দুল্লাহ আলিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হুসাইন কবির অপু পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তার বাবা আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, হুসাইন ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। একই বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন তিনি। পরে রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) আতাইকুলা থানায় একটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা তার ফেসবুক স্ট্যাটাসের কথা প্রকাশ করে শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কবরের পাশে একটি বেলিফুলের গাছ রোপণ করেন।

