ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের

এশিয়া পোস্ট নিউজ, রাবি
ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। ছবি: এশিয়া পোস্ট

ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

Advertisement

সোমবার (২২ জুন) দুপুর ২টায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মিছিল শেষে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে সেটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব ধরনের কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন। মিছিলে ‘রাস্তাঘাটে নামিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।’

তিনি আরও বলেন, ‘অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজনৈতিক আদর্শের আলোকে যে কোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারের নামে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিরোধের জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশকে সুশৃঙ্খল রাখতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যেন কোনো নিষিদ্ধ সংগঠন মিছিল-মিটিং করে দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।’

যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা ও গুম করেছে—তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে ক্যাম্পাস তথা দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের সজাগ থাকতে হবে।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলার জন্য আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।’

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।