মসজিদে নববীতে যে কারণে সারাবছর ধরে চলে ইফতারির আয়োজন

পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। কারও বহুদিনের স্বপ্ন, কারও জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সফর। হাজারো মাইল পাড়ি দিয়ে গন্তব্য পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের স্মৃতিবিজড়িত এই শহরে এসে আবেগে আপ্লুত হন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।
মদিনা শুধু একটি শহর নয়; কোটি মুসলমানের হৃদয়ে এটি ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। মসজিদে নববী, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের রওজা শরিফ ও ঐতিহাসিক জান্নাতুল বাকিসহ সব মিলিয়ে মদিনার রয়েছে অনন্য মর্যাদা।
রওজা শরিফ জিয়ারত করতে প্রতিদিন দীর্ঘ সারিতে দাঁড়ান হাজারো মুসল্লি। দীর্ঘ অপেক্ষার পরও ক্লান্তি যেন স্পর্শ করে না তাদের। প্রিয় নবীর রওজার কাছে পৌঁছে সালাম জানানোর মুহূর্তে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন আবারও কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির ভাষা।
রাসুলুল্লাহ’র রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) ও দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এই পবিত্র স্থান মুসলমানদের হৃদয়ে আরও গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি জাগায়।
মসজিদে নববীতে রয়েছে আরও একটি অনন্য আয়োজন। রমজান ছাড়াও সারা বছর প্রতি সোমবার ও বৃহস্পতিবার মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
সুন্নাহ অনুযায়ী এ দুই দিনে নফল রোজা রাখার ফজিলতের কারণে এই আয়োজন। আজানের ধ্বনি উঠতেই বিশ্বের নানা দেশের মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন ভাষা ও দেশের ভেদাভেদ ভুলে।
মসজিদে নববীর পাশে ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত এই স্থান মানুষকে মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব ও আখিরাতের কথা।
মদিনার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার। দিন শেষে মসজিদে নববীর আলোয় চারপাশ যখন আলোকিত হয়, তখনও পবিত্র প্রাঙ্গণে চলে নামাজ, জিকির ও দোয়া।
মানুষ মদিনা থেকে নিজ দেশে ফিরে যান, কিন্তু হৃদয়ে রেখে যান অমলিন স্মৃতি এবং আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। পবিত্র মদিনা প্রিয় নবীর শহর, ভালোবাসার শহর; কোটি মুসলমানের হৃদয়ের সবচেয়ে আপন ঠিকানা।