বিতর্কিত ই-কমার্স ‘ই-নিডস’-এর চেয়ারম্যান ইকবাল মার্শাল গ্রেপ্তার

গ্রাহকের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-নিডস লিমিটেড’-এর চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল মার্শালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (২১ জুন) রাতে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
আজ সোমবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তার মার্শালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে মার্শালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, রাজধানীর ভাটারা এলাকার ব্যবসায়ী সৈয়দ ইকবাল হাসান মাহমুদ ২০২১ সালের সেপ্টেম্বরে ‘ই-নিডস’ থেকে দুই দফায় মোট ৩৪৪টি মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে মার্শালকে ৩ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২০ টাকা দেন। চুক্তি অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে বাদী হাসান মাহমুদকে মোটরসাইকেলগুলো সরবরাহ (ডেলিভারি) করার কথা ছিল।
মোটরসাইকেল দিতে ব্যর্থ হওয়ার পর হাসান মাহমুদকে সমপরিমাণ অর্থাৎ ৩ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২০ টাকার একটি চেক দেন অভিযুক্ত ইকবাল মার্শাল। তবে অল্প সময়ের মধ্যেই নগদ অর্থ পরিশোধের আশ্বাস দিয়ে ব্যাংকে চেকটি নগদায়ন না করার জন্য অনুরোধ করেন আসামি মার্শাল। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সেই অর্থ পাননি ভুক্তভোগী হাসান মাহমুদ।
পরবর্তীতে গত মে মাসে ঢাকার সিএমএম আদালতে ই-নিডসের চেয়ারম্যান ইকবাল মার্শাল, তার স্ত্রী ও পরিচালক সায়মা আফরিন এবং তার ভাই ও ব্যবস্থাপনা পরিচালক নাহিদ ইকবালকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ইকবাল মার্শালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাকি দুই আসামির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তবে তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।







