সারের পরিবেশক হয়েছেন জামায়াতসংশ্লিষ্ট ৩৩ জন

সারা দেশে নতুন করে নিয়োগ পাওয়া সারের ডিলারদের মধ্যে ৩৩ জন জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট। বিভাগভিত্তিক হিসাবে জামায়াতপন্থিরা সবচেয়ে বেশি নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিভাগে, ১৬ জন। খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে চার, রংপুরে তিন, ঢাকা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং সিলেট বিভাগে দলটির একজন পরিবেশক হয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে জামায়াতসংশ্লিষ্ট আটজন পরিবেশক হয়েছেন। কুমিল্লায় পাঁচ, ফেনীতে দুই ও নোয়াখালীতে একজন ডিলারশিপ পেয়েছেন। সাতক্ষীরায় চার, ঝিনাইদহে এক, পিরোজপুর ও ঝালকাঠিতে দুজন করে, ঢাকা, গাজীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধায় একজন করে জামায়াতসংশ্লিষ্ট ব্যক্তি ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় ‘ভাই ভাই স্টোর’-এর ঠিকানায় পরিবেশক হয়েছেন সাদেক হোসাইন। সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশায় ‘মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন’-এর ঠিকানায় পেয়েছেন মো. শফি। সোনাকানিয়ায় ‘মারুফ এন্টারপ্রাইজ’-এ রফিক আহমদ বাবুল এবং লোহাগাড়া উপজেলার পদুয়ায় ‘কৃষি সেবা’-য় মো. জসিম উদ্দীন ডিলারশিপ পেয়েছেন। তাদের সবাই জামায়াতসংশ্লিষ্ট।
নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়ায় ‘মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ’-এ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসেন, ফেনী সদরের শর্শদিতে ‘মেসার্স ইলিয়াস অ্যান্ড সন্স’-এ জামায়াত সমর্থক আতিকুল আলম এবং সোনাগাজী উপজেলার বগাদানায় ‘মোকিব এন্টারপ্রাইজ’-এ জামায়াত সমর্থক মো. ইস্রাফিল নিয়োগ পেয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায় ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-এর ঠিকানায় পরিবেশক হয়েছেন জামায়াত সমর্থক মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া। গুনবতীতে ‘কনফিডেন্স এগ্রো ট্রেড সেন্টার’-এ জামায়াতের মো. আহসান উল্লাহ, জগন্নাথদিঘীতে ‘আল-আমিন ট্রেডার্স’-এ জামায়াতের মো. বেলাল হোসেন চৌধুরী, আলকরায় ‘জি কে এন্টারপ্রাইজ’-এ জামায়াতের মো. খোরশেদ আলম এবং ‘আসফি ট্রেডার্স’-এ জামায়াত সমর্থক আ. ন. ম. সলিমুল্লাহ টিপু ডিলারশিপ পেয়েছেন।
সাতক্ষীরায় জামায়াতসংশ্লিষ্ট চারজনের তথ্য পাওয়া গেছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ জামায়াতের রোকন আবু এহিয়া মোর্ত্তজা, চাম্পাফুল ইউনিয়নের ‘মেসার্স তাহের ট্রেডার্স’-এ স্থানীয় জামায়াতের সদস্য আজিজুর রহমান নিয়োগ পেয়েছেন।
কুলিয়া ইউনিয়নের ‘মাস্টার ট্রেডার্স’-এ ওয়ার্ড জামায়াতের নেতা নাহিন মুনকার এবং পারুলিয়া ইউনিয়নের ‘মেসার্স সরদার ট্রেডার্স’-এ জামায়াত নেতা ও সাবেক ইউপি সদস্য আবু তাহের পরিবেশক হয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘মেসার্স নুরুল আমিন এন্টারপ্রাইজ’-এ উপজেলা জামায়াত নেতা মো. নুরুল আমিন, হরিপুরে ‘মেসার্স আশা ও আয়াতুল ট্রেডার্স’-এ জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ এবং ‘মেসার্স সততা ট্রেডার্স’-এ জামায়াত কর্মী মো. আবু সুফিয়ান ডিলারশিপ পেয়েছেন।
ঝালকাঠি সদরের ‘রাজু স্টোর’-এ মো. রিয়াজুল ইসলাম, ‘মেসার্স মাকসুদা ট্রেডার্স’-এ মো. আরাফাত খান এবং ‘মেসার্স নিরু এন্টারপ্রাইজ’-এ মো. ইউনুচ আলী ডাকুয়া নিয়োগ পেয়েছেন। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ‘দুই ভাই ট্রেডার্স’-এর মালিক আব্দুল্লাহ, সুনামগঞ্জের শাল্লায় ‘অলিউর এন্টারপ্রাইজ’-এর মালিক মো. অলিউর রহমান পরিবেশক হয়েছেন। তাদের সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।








