চেন্নাইয়ে ফ্লেমিংয়ের ১৮ বছরের অধ্যায়ের সমাপ্তি

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও স্টিফেন ফ্লেমিংকে আলাদা করে ভাবা কঠিন ছিল। দলের ডাগআউটে প্রায় দুই দশক ধরে পরিচিত মুখ ছিলেন তিনি। সেই দীর্ঘ সম্পর্ক এবার শেষ হলো। চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
সোমবার এক বিবৃতিতে ফ্লেমিংয়ের বিদায়ের কথা নিশ্চিত করেছে চেন্নাই। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, দুই পক্ষের মধ্যে খোলামেলা আলোচনার পর পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে চেন্নাইয়ের খেলোয়াড় ছিলেন ফ্লেমিং। পরের মৌসুমের আগে তিনি দলটির প্রধান কোচের দায়িত্ব নেন। এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মিলে গড়ে তোলেন আইপিএল ইতিহাসের অন্যতম সফল কোচ-অধিনায়ক জুটি।
ফ্লেমিংয়ের অধীনে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। শিরোপাগুলো এসেছে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে। তার সময়ে ১০টি আইপিএল ফাইনাল খেলেছে দলটি। প্লে-অফে উঠেছে রেকর্ড ১২ বার। ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে চেন্নাই।
সাফল্যের পাশাপাশি ধারাবাহিকতাই ছিল ফ্লেমিংয়ের চেন্নাই অধ্যায়ের বড় পরিচয়। খেলোয়াড় ধরে রাখা, অভিজ্ঞদের ওপর আস্থা এবং চাপের মুহূর্তে স্থির থাকার সংস্কৃতি গড়ে তুলেছিলেন তিনি। মাঠের বাইরে শান্ত স্বভাবের ফ্লেমিং আর মাঠে ধোনির নেতৃত্ব বহু বছর চেন্নাইয়ের সাফল্যের ভিত্তি হয়ে ছিল।
তবে শেষ কয়েক মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৩ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর টানা তিন মৌসুম প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে চেন্নাই। ২০২৫ ও ২০২৬ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। দলের নেতৃত্ব ও ভবিষ্যৎ পুনর্গঠন নিয়েও প্রশ্ন উঠছিল।
চেন্নাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কে এস বিশ্বনাথন বলেছেন, ফ্লেমিং শুধু দলের খেলার ধরনই নির্ধারণ করেননি, ফ্র্যাঞ্চাইজিটি কেমন হতে চায় সেই পরিচয়ও গড়ে দিয়েছিলেন। ধারাবাহিকতা, বিনয় এবং দলকে সবার আগে রাখার সংস্কৃতি তৈরিতে তার অবদান সবচেয়ে বেশি।
বিদায়বার্তায় আবেগ লুকাননি ফ্লেমিংও। তিনি বলেছেন, ‘খেলাধুলায় ১৮ বছর একটি জীবনকালের মতো। আমি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু নিয়ে বিদায় নিচ্ছি না।’
চেন্নাইয়ের দায়িত্বকে নিজের কোচিং জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন ৫৩ বছর বয়সী ফ্লেমিং। দলটির হয়ে অর্জিত সাফল্য নিয়ে গর্বিত বলেও জানিয়েছেন তিনি। প্রধান কোচের দায়িত্ব ছাড়লেও চেন্নাই সব সময় তার হৃদয়ের কাছাকাছি থাকবে এবং ভবিষ্যতেও দলটির সমর্থক হয়ে থাকবেন বলে জানিয়েছেন সাবেক কিউই অধিনায়ক।




