অভিষেকেই ১৪৯ বছরের অনাকাঙ্ক্ষিত তালিকায় রবিন
-515ca0-720x405.webp)
স্বপ্নের অভিষেক, অথচ সেটি দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগল মাত্র একটি বল। জাতীয় দলের জার্সিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে কাগিসো রাবাদার প্রথম বলেই সাজঘরে ফিরলেন মাহফিজুল ইসলাম রবিন। শুধু নিজের ক্যারিয়ারের প্রথম বল নয়, আউট হয়েছেন ম্যাচেরও প্রথম বলে। তাতেই টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। তার আগে এমন অভিজ্ঞতা হয়েছিল মাত্র তিন ক্রিকেটারের।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয় রবিনের। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পান রবিন।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলটিই সামলাতে পারেননি তিনি। রাবাদার করা ম্যাচের প্রথম বলেই শূন্য রানে আউট হন রবিন। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
ক্রিকেটে কোনো ব্যাটার নিজের প্রথম বলেই শূন্য রানে আউট হলে সেটিকে বলা হয় ‘গোল্ডেন ডাক’। টেস্ট অভিষেকে এমন ঘটনা আগেও অনেকবার ঘটেছে। তবে রবিনের ঘটনাটি আরও বিরল। কারণ, তার টেস্ট ক্যারিয়ারের প্রথম বলটি ছিল ম্যাচেরও প্রথম বল। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর এমন ঘটনা ঘটল মাত্র চতুর্থবার।
প্রথম দুর্ভাগা জিমি কুক
এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শুরুটা ১৯৯২ সালের ১৩ নভেম্বর। ডারবানে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার জিমি কুকের। তখন তার বয়স ৩৯ বছর।
বর্ণবৈষম্য নীতির কারণে দীর্ঘ ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিল দক্ষিণ আফ্রিকা। সেই সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেও টেস্ট খেলার সুযোগ পাননি কুক। অবশেষে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ফেরার দিনেই সুযোগ আসে তার সামনে।
কিন্তু অপেক্ষার শেষটা সুখকর হয়নি। ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের করা ম্যাচের প্রথম বলেই ব্যাটের কানায় লাগিয়ে তৃতীয় স্লিপে শচীন টেন্ডুলকারের হাতে ক্যাচ দেন কুক। টেস্ট ক্যারিয়ার শুরু হয় গোল্ডেন ডাক দিয়ে। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে আর মাত্র দুটি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি।
নয় বছর পর লিওন গ্যারিক
কুকের নয় বছর পর একই অভিজ্ঞতার শিকার হন ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক। ২০০১ সালের ১৯ এপ্রিল জ্যামাইকার কিংস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।
সেদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। নতুন বল হাতে প্রথম ওভার করতে আসেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অ্যালান ডোনাল্ড।
ডোনাল্ডের প্রথম বলটি কাট করতে গিয়ে গালিতে থাকা শন পোলকের হাতে ক্যাচ তুলে দেন গ্যারিক। মাত্র একটি বল খেলেই শেষ হয় তার অভিষেক ইনিংস।
অবশ্য দ্বিতীয় ইনিংসে ২৭ রান করেছিলেন এই ওপেনার। তবে সেটিই হয়ে থাকে তার একমাত্র টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে আর কখনো সুযোগ পাননি গ্যারিক।
তৃতীয় নাম আফগানিস্তানের আবদুল মালিক
এই তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম ওঠে আফগানিস্তানের আবদুল মালিকের। ২০২১ সালের ২ মার্চ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর।
ম্যাচের প্রথম বলটি করেন জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানি। ভেতরের দিকে ঢুকে আসা বলটি রক্ষণাত্মকভাবে খেলতে চেয়েছিলেন মালিক। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে।
প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার। অভিষেকের দুর্ভাগ্য সেখানেই শেষ হয়নি। দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এবার তিন বল খেলে শূন্য রানে আউট হন মালিক। অর্থাৎ টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে চার বল খেলে দুই ইনিংসেই শূন্য রানে ফেরার তিক্ত অভিজ্ঞতা হয় তাঁর।
বাংলাদেশের সঙ্গে এই রেকর্ডের পুরোনো সম্পর্ক
টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট হারানোর ইতিহাসে বাংলাদেশের নাম অবশ্য নতুন নয়। সাবেক ওপেনার হান্নান সরকার একাই তিনবার এমন ঘটনার শিকার হয়েছিলেন।
২০০২ সালের ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই আউট হন হান্নান। এরপর ২০০৪ সালে ক্যারিবীয় সফরে সেন্ট লুসিয়া ও কিংস্টনে আরও দুবার একইভাবে ফিরেছিলেন তিনি।
বিস্ময়কর ব্যাপার হলো, তিনবারই তাকে আউট করেছিলেন একই বোলার, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্স।
ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারও টেস্ট ম্যাচের প্রথম বলে তিনবার আউট হয়েছেন। হান্নান ও গাভাস্কার যৌথভাবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের অধিকারী। তবে তাদের কারও ক্ষেত্রেই ঘটনাটি টেস্ট অভিষেকে ঘটেনি।
অভিষেকে প্রথম বলেই আউট হওয়ার আরেকটি আলোচিত ঘটনা ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিসের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বল খেলতে গিয়ে নিজের পায়ে স্টাম্পে আঘাত করে হিট উইকেট হন তিনি। টেস্ট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম বলেই হিট উইকেট হওয়ার প্রথম নজির ছিল সেটি। তবে তার আউট হওয়ার বলটি ম্যাচের প্রথম বল ছিল না।
সেই হিসাবে রবিনের রেকর্ডটি আরও বিরল। জিমি কুক, লিওন গ্যারিক ও আবদুল মালিকের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের প্রথম বলেই শূন্য রানে আউট হলেন তিনি।
অথচ এই টেস্টের আগে স্বপ্নের মতো সময় কাটছিল রবিনের। চলতি জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের হয়ে ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে করেছেন ৬৭২ রান। তিনটি সেঞ্চুরির মধ্যে রয়েছে অপরাজিত ২১৭ রানের ইনিংসও। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৯ নভেম্বর প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। ছয় দিনের মাথায় সুযোগ হয় টেস্ট অভিষেকের।
সাদমান ইসলামের চোটে বাংলাদেশের ওপেনিংয়ে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের সুযোগ পেয়েছিলেন রবিন। কিন্তু প্রথম ইনিংসে নিজের সামর্থ্য দেখানোর সুযোগই পেলেন না।


