‘বাংলাদেশের ৪০০ রান ছাড়িয়ে যেতে পারি’, অ্যাকারম্যানের হুঙ্কার

প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গের ব্যাটিংবান্ধব উইকেটে সেই সংগ্রহও যথেষ্ট মনে হচ্ছে না মার্কেস অ্যাকারম্যানের কাছে। বাংলাদেশের বোলারদের বিপক্ষে দুর্দান্ত ১৫৭ রানের ইনিংস খেলা এই প্রোটিয়া ওপেনারের বিশ্বাস, এখনো বড় সংগ্রহ গড়ার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে। এমনকি বাংলাদেশের ৪০০ রান ছাড়িয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন আত্মবিশ্বাসের কথা জানান অ্যাকারম্যান। বাংলাদেশের ৪০০ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে এখনো ১১৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
তবে অ্যাকারম্যানের মতে, ম্যাচের বর্তমান পরিস্থিতিতে কোনো দলই পুরোপুরি এগিয়ে নেই। তার বিশ্বাস, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া সম্ভব।
বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাকারম্যান বলেন, ‘আমাদের জন্য দিনটি খুব ভালো ছিল। দারুণ একটি জুটি হয়েছে। ইনিংসটাকে এমন জায়গায় নিয়ে এসেছি, যেখান থেকে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশের ৪০০ রান ছাড়িয়ে যাওয়ার আশা করতে পারি।’
দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য এমন অবস্থানে ছিল না দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৪০০ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে হারায় তারা। মাত্র ৪ রান করে হাসান মাহমুদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর জুবায়ের হামজাকে নিয়ে ইনিংসের হাল ধরেন অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ২০২ রান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময়ের সঙ্গে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন তারা। বিশেষ করে অ্যাকারম্যানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগোতে থাকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
শেষ পর্যন্ত ১৬৪ বলে ২১টি চার ও একটি ছক্কায় ১৫৭ রান করেন অ্যাকারম্যান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড় শ রানের ইনিংসে রূপ দেন এই বাঁহাতি ব্যাটার। অন্য প্রান্তে ১২৯ বলে ৮৩ রান করে তাকে দারুণ সঙ্গ দেন হামজা।
দুই ব্যাটারের জুটির নেপথ্যের পরিকল্পনাও জানিয়েছেন অ্যাকারম্যান। তার মতে, শুরু থেকেই বড় সংগ্রহের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেছিলেন তারা। প্রথমে ৫০, এরপর ১০০ ও ১৫০ রানের জুটির দিকে মনোযোগ দেন। এভাবেই বাংলাদেশের বড় সংগ্রহের সঙ্গে ব্যবধান কমাতে থাকেন তাঁরা।
তবে বাংলাদেশের বোলিং আক্রমণের দুর্বল জায়গা চিহ্নিত করার বিষয়টিও অ্যাকারম্যানের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মতে, উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি টার্ন না থাকায় বাংলাদেশের স্পিন বোলিংকে আক্রমণ করার সুযোগ পেয়েছিলেন তিনি।
প্রোটিয়া ওপেনার বলেন, ‘পুরো দিন ব্যাটিং করার পর দেখলাম, দুই স্পিনার বল করলেও খুব একটা টার্ন পাচ্ছে না। তাই তাদের চাপে রাখার সুযোগ দেখেছি।’
মূলত বাংলাদেশের প্রধান স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং খণ্ডকালীন বাঁহাতি স্পিনার মুমিনুল হককে লক্ষ্য করেছিলেন অ্যাকারম্যান। এই দুই বোলারের বিপক্ষে ১১ ওভারে একাই ৬৪ রান করেন তিনি।
বিশেষ করে মিরাজের জন্য দিনটি ছিল হতাশার। ১৬ ওভার বোলিং করে ১০১ রান খরচ করেও কোনো উইকেট পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।
তবে শুধু স্পিনারদের বিপক্ষে রান তোলাই অ্যাকারম্যানের লক্ষ্য ছিল না। বাংলাদেশের তিন পেসারকে ক্লান্ত করে দেওয়ার পরিকল্পনাও ছিল তার।
বাংলাদেশ যেহেতু তিন পেসার নিয়ে খেলছে, তাই স্পিনারদের ওপর আক্রমণ করলে পেসারদের পরিকল্পনার আগেই আবার বোলিংয়ে ফিরতে বাধ্য করা যাবে বলে মনে করেছিলেন তিনি। দীর্ঘ সময় বোলিং করতে হলে ম্যাচের পরের দিকে সেটির প্রভাব পড়তে পারে।
অ্যাকারম্যানের মতে, এই কৌশলের সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও ইনিংস ১০০ ওভারের কাছাকাছি পৌঁছালে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অবশ্য বাংলাদেশের পেসারদের বিপক্ষে আরও আক্রমণাত্মক ব্যাটিং করার ইচ্ছা থাকলেও সেটি পূরণ হয়নি তার। হাসান মাহমুদকে আক্রমণ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাকারম্যান। আউট হওয়ার পর দিনের শেষ পর্যন্ত ব্যাট করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
তবে এই সেঞ্চুরি অ্যাকারম্যানের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। তার আগে কখনো নিয়মিত ওপেনার হিসেবে ব্যাটিং করেননি তিনি।
অভিষেক টেস্টে মাত্র ৬ রান করলেও কেপটাউনে সিরিজের শেষ ম্যাচে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন। মাত্র পাঁচ রানের জন্য প্রথম টেস্ট শতক না পাওয়ার আক্ষেপ ছিল তার।
বাংলাদেশের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচিয়েছেন অ্যাকারম্যান। ১২৫ বলে শতক পূর্ণ করার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ব্যাট উঁচিয়ে সতীর্থ ও গ্যালারিতে উপস্থিত পরিবারের সদস্যদের অভিবাদন জানান।
সেঞ্চুরির পর অ্যাকারম্যান জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানে আউট হওয়াই তাকে পরের সুযোগ কাজে লাগানোর বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল। এবার আর সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।

