জিদানের প্রথম ম্যাচের আগে অসুস্থ এমবাপ্পে

ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেকের আগেই দুশ্চিন্তা দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ফ্লু-জাতীয় উপসর্গে মঙ্গলবার দলের অনুশীলনে অংশ নিতে পারেননি ফরাসি অধিনায়ক।
ক্লেরফন্তেইনে মঙ্গলবার জিদানের অধীনে ফ্রান্সের দ্বিতীয় অনুশীলন সেশন ছিল। দলের বাকি ২২ ফুটবলার মাঠে নামলেও এমবাপ্পে ছিলেন অনুপস্থিত। অসুস্থতার কারণে দুপুরের খাবারেও দলের সঙ্গে ছিলেন না রিয়াল মাদ্রিদ তারকা।
তবে আপাতত তার তুরস্ক ম্যাচে খেলা নিয়ে বড় শঙ্কা দেখছে না ফরাসি শিবির। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শুক্রবারের ম্যাচের আগেই এমবাপ্পের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। অনুশীলনে জিদান ৪-৩-৩ ছকে দলকে প্রস্তুত করছেন, যেখানে এমবাপ্পেকে আক্রমণের বাঁ প্রান্তে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
২৭ বছর বয়সী এমবাপ্পে এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ১০৬ ম্যাচে ৬৬ গোল করেছেন। নতুন কোচের অধীনেও অধিনায়ক হিসেবে তাকেই রেখে দিয়েছেন জিদান।
গত জুলাইয়ে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেন জিদান। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগ ম্যাচটি হবে তার প্রথম পরীক্ষা। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে খেলবে ফ্রান্স, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
-04af89.webp)