Advertisement

বিশ্বকাপজয়ের স্মারক বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপজয়ের স্মারক বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা
বিশ্বকাপ হাতে বেঞ্জামিন মেন্দি। ছবি: ফিফা

আর্থিক চাপ সামলাতে বিশ্বকাপজয়ের অন্যতম মূল্যবান স্মারকও নিলামে তুললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডারদের বেনজামিন মেন্দি। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর পাওয়া ট্রফির আনুষ্ঠানিক রেপ্লিকাটি ৬২ হাজার ২০০ ডলারে বিক্রি করেছেন এই ফরাসি ফুটবলার। বাংলাদেশি মুদ্রায় দামটি প্রায় ৭৭ লাখ টাকা।

উল্লেখ্য এটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়। বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে মেন্দিকে দেওয়া ১৫ ইঞ্চি উচ্চতার আনুষ্ঠানিক রেপ্লিকা। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান "গোল্ডিন" আয়োজিত ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু’তে বিক্রি করা হয়েছে স্মারকটি।

গত ২৫ জুলাই শেষ হওয়া নিলামে ট্রফিটির জন্য মোট ৩৮টি দর জমা পড়ে। মেন্দির স্বাক্ষর করা সত্যতা সনদও পেয়েছেন ক্রেতা। ট্রফিটির নিচের অংশে ছোট একটি ফাটল এবং ব্যবহারের কিছু চিহ্ন রয়েছে।

নগদ অর্থ জোগাড়ের প্রচেষ্টার অংশ হিসেবেই মেন্দি ট্রফিটি বিক্রি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম "দ্য সান"। তবে বিক্রির কারণ নিয়ে মেন্দি নিজে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। বিশ্বকাপের রেপ্লিকা ছাড়াও তার ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কয়েকটি ফুটবল স্মারক নিলামে তোলা হয়েছে।

২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই দলের সদস্য মেন্দি টুর্নামেন্টে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন।

২০১৭ সালে তৎকালীন রেকর্ড ৫২ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মেন্দি। তবে ২০২১ সালে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থমকে যায় তার ক্যারিয়ার। অভিযোগগুলোর বিচার চলার সময় তার বেতনও বন্ধ করে দেয় সিটি। ২০২৩ সালে দুই দফা বিচারে সব অভিযোগ থেকে খালাস পান তিনি।

আর্থিক সংকটের মধ্যে প্রায় আট লাখ পাউন্ড কর বকেয়ার কারণে মেন্দির বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করেছিল ব্রিটিশ রাজস্ব বিভাগ। পরিস্থিতি সামলাতে চেশায়ারের বাড়িটিও বিক্রির উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরে ম্যানচেস্টার সিটির আটকে রাখা বেতনের অধিকাংশ পাওয়ার অধিকারও আদালতের রায়ে অর্জন করেন মেন্দি।

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর লরিয়ঁ ও জুরিখে খেলা মেন্দি বর্তমানে পোল্যান্ডের পোগোন শেচিনে রয়েছেন। একসময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হওয়া এই ফুটবলারকে এবার অর্থ জোগাতে ছাড়তে হলো বিশ্বকাপজয়ের স্মারকও।