Advertisement

ভারতে বাংলদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, গ্রেপ্তার চিকিৎসক

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতে বাংলদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, গ্রেপ্তার চিকিৎসক
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে এক মুসলিম দম্পতিকে বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অভিযোগের সত্যতা বা দম্পতির নাগরিকত্ব ও ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টি পুলিশ এখনও যাচাই করে দেখেনি।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শহরের বেলান্দুর এলাকায় নিজস্ব ক্লিনিক পরিচালনা করেন চিকিৎসক ডা. নাগেন্দ্রপ্পা। গত বুধবার সকালে তিনি রাস্তায় নাসরিনা (২৩) ও তার স্বামী মোহাম্মদ বিলাল নামের এক দম্পতিকে পথরোধ করেন।

নাসরিনার অভিযোগ অনুযায়ী, ওই চিকিৎসক প্রথমে তাদের নাগরিকত্ব নিয়ে হিন্দিতে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। পরে ডা. নাগেন্দ্রপ্পা বিলালের ওপর চড়াও হন এবং তার মাথা ও পিঠে আঘাত করেন। এতে বিলাল মাটিতে পড়ে গেলে তাকে লাথি মারা হয় এবং এ ঘটনা পুলিশকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

গ্রেপ্তারের আগমূহুর্তে অভিযুক্ত চিকিৎসক নিজেই ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। ভিডিওতে তাকে ওই দম্পতিকে বাংলাদেশি এবং পূর্বে ভারত থেকে বিতাড়িত হলেও আবার ফিরে এসেছে বলে অভিযোগ করতে শোনা যায়।

ভিডিওতে অভিযুক্ত চিকিৎসক বিলালকে থাপ্পড় মারছেন—এমন দৃশ্যও দেখা যায়। তবে ঘটনার সময় বিলাল কন্নড় ভাষায় জবাবে জানান, তিনি বিগত ২০ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন।

ঘটনার পর বেলান্দুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ হামলা, নারীর শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ এবং অপরাধমূলক হুমকির অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলান্দুর থানা পুলিশ চিকিৎসক ডা. নাগেন্দ্রপ্পাকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তিনি জামিনে মুক্তি পান। পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।