ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির পর ওয়াশিংটন ডিসির নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ঘটনাটির বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে এ খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের ওপর আসা হুমকির তীব্রতা ঠিক কতটা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র বা বিদেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।
গত আগস্ট থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অভিযানের লক্ষ্য হলো, জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি প্রায় বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক পরিবহনে প্রভাব পড়েছে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাশাপাশি এই অর্থনৈতিক চাপের অভিযান চলছে। এর আওতায় ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং অন্যান্য আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে ইরানের হুমকিতে দমে যাবেন না বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না। অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই পদক্ষেপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে।’










