দিল্লিতে আবারও বন্ধ ইন্টারনেট, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) আবারও আন্দোলনস্থলে উত্তেজনা দেখা গেছে। তবে জন্তর মন্তরে মূল আন্দোলনস্থল শান্ত রয়েছে। তবে সংঘাত ছড়ায় সংসদ মার্গ এলাকায়, যেখানে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংসদ মার্গে ছড়িয়ে পড়া আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেন। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। একপর্যায়ে কনট প্লেটের প্রধান রেডিয়াল রোড ধরে তারা পুলিশ সদস্যদের তাড়া করেন।
দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন এসিপি, একজন পরিদর্শক (ইনস্পেক্টর), একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল রয়েছেন।
পার্ক হোটেলের কাছে জনতা বেপরোয়া হয়ে উঠলে পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
জনপথের কাছে টলস্টয় মার্গ প্রবেশপথ থেকে শুরু করে এনডিএমসি কনভেনশন সেন্টার পর্যন্ত কিছু সময়ের জন্য কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ছিল না। তবে পরবর্তীতে যুদ্ধ সাজে সজ্জিত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের কাছে মোতায়েন থাকতে দেখা যায়।
.png)





