যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়েতে পুরোহিতও যমজ!

মানুষের জীবনে বিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই জাঁকজমকপূর্ণ আয়োজন করেন। নতুন জীবনের সূচনাকে বিশেষভাবে উদ্যাপন করেন। তবে ভারতের কেরালায় এবার দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন। এই বিয়ের প্রায় সব গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন যমজরা।
সম্প্রতি যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়েতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিত। শুধু তা-ই নয়, তাদের সহায়তায় ছিলেন আরও একজোড়া যমজ সহকারী। শনিবার (১ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে বর্ণাঢ্য এই বিয়ের আয়োজন করা হয়। এদিন অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের এবং অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যমজ বোনেরা নিজেরাই যমজ পুরোহিতদের সন্ধান করেছিলেন। শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের খুঁজে পান।
দুই পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের ফসল ছিল এই অনন্য বিবাহ অনুষ্ঠান। বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং কনেরা কাজ করছেন আইটি খাতে। কনেদের পরিবার সূত্রে জানা যায়, শৈশব থেকেই যমজ বোনদের ইচ্ছা ছিল অন্য কোনো যমজ ভাইদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার।
বিয়েটিকে আরও স্মরণীয় করে তুলতে কনেপক্ষ উদ্যোগ নিয়ে খুঁজে বের করেন যমজ দুই যাজক। তারা হলেন ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। আনন্দের সঙ্গে এই বিয়ে পড়াতে রাজি হন তারা। এ সময় বেদীতে তাদের সহযোগিতায় ছিলেন জেরন জেমস ও জোহন জেমস নামের আরও দুই যমজ ভাই।
যমজ পুরোহিতরা জানান, এমন বিশেষ কোনো বিয়ের অনুষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা তাদের জীবনে এই প্রথম। এটি সারাজীবন তাদের মনে থাকবে। একই সঙ্গে পুরো আয়োজনে যমজদের এমন মেলবন্ধন উপস্থিত অতিথিদের মধ্যেও বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।
.png)





