ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু ২৮ জুন

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।
ভারতীয় হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে পাঁচটি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা। বাকিগুলো ধাপে ধাপে চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।
এ সময় মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
২০২৪ সালের ৪ আগস্ট থেকে অনিবার্য পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশে তাদের সব ভিসা আবেদন কেন্দ্রে নতুন ভিসা আবেদন গ্রহণ ও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করে। তবে এতদিন শুধুমাত্র মেডিকেল, জরুরি ও বিজনেস ভিসা সীমিত পরিসরে চালু ছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর উভয় দেশ ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক করার উদ্যোগ নেয়।





