Advertisement

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

এশিয়া পোস্ট নিউজ
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে দেশটির রাজধানী মালেতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

মালেতে পৌঁছানোর পরপরই ড. খলিলুর রহমান দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন এবং গত ফেব্রুয়ারিতে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে নিজের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

দুই নেতা বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বাস্তবমুখী সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তারা সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জবাবে প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক ‘হাই টি’র আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সন্ধ্যায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম আয়োজিত এক কূটনৈতিক সংবর্ধনায় অংশ নেন ড. খলিলুর রহমান। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।