‘সিসি ক্যামেরা ইহুদিদের আবিষ্কার’ এমন বক্তব্য দেননি আজহারী

‘সিসি ক্যামেরা ইহুদিদের আবিষ্কার, আলেম সমাজকে রক্ষা করুন, সিসি ক্যামেরা আবাসিক হোটেল থেকে বর্জন করুন।’ জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে তার এ ধরনের কোনো বক্তব্যের অস্থিত্ব পায়নি।
ফেসবুকে বেশ কয়েকটি পেজ থেকে মিজানুর রহমান আজহারির ছবি ব্যবহার করে পাশে আলোচিত উক্তিটি বসানো হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক গ্রুপে এ সম্পর্কিত পোস্টে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। পলাতক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নামে একটি গ্রুপে কেএন কামরুল নামে একটি প্রোফাইল থেকে সংবাদমাধ্যম ‘ঢাকা মেইলের’ সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডে পোস্ট করা হয়েছে। এতে ৭ শতাধিক মন্তব্যের পাশাপাশি দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে তার এ ধরনের বক্তব্য সম্বলিত কোনো সংবাদ পাওয়া যায়নি। আলাদা করে ঢাকা মেইলেরফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সার্চ করে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও ফেসবুকে মিজানুর রহমান আজহারির ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘সিসি ক্যামেরা ইহুদিদের আবিষ্কার, আলেম সমাজকে রক্ষা করুন, সিসি ক্যামেরা আবাসিক হোটেল থেকে বর্জন করুন।’ জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি, তার বক্তব্য দাবিতে বানোয়াট মন্তব্য প্রচার করা হচ্ছে।
.png)





