নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে যত

বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল (বেতনকাঠামো) কার্যকরের দিকে এগোচ্ছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। নতুন স্কেলে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন দ্বিগুণ করার জোরালো আলোচনা চলছে। এই সুবিধার আওতায় সরাসরি যুক্ত হতে যাচ্ছেন লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হলে উচ্চ গ্রেডের শিক্ষক ও অধ্যক্ষদের মূল বেতন একলাফে অনেক বেড়ে যাবে।
অধ্যক্ষ (চতুর্থ গ্রেড): বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০,০০০ টাকা। বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের নতুন মূল বেতন বেড়ে হবে ৭৫,০০০ টাকা।
সহকারী অধ্যাপক (ষষ্ঠ গ্রেড): ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান ৩৫,৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ৫৩,২৫০ টাকায়।
উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক (সপ্তম গ্রেড): সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯,০০০ টাকার মূল বেতন বেড়ে হবে ৪৩,৫০০ টাকা।
কলেজ প্রভাষক (নবম গ্রেড): নবম গ্রেডের কলেজ প্রভাষকদের বর্তমান ২২,০০০ টাকার বেতন বেড়ে নতুন স্কেলে হবে ৩৩,০০০ টাকা।
বিএডধারী সহকারী শিক্ষক (দশম গ্রেড): দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬,০০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ২৪,০০০ টাকায়।
১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক-কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর দুটি সম্ভাব্য হিসাব নিয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলে হিসাব পর্যালোচনায় রয়েছে, যার একটি ৫০ শতাংশ বৃদ্ধি এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি।
১১তম গ্রেড (বিএডবিহীন সহকারী শিক্ষক): বর্তমান মূল বেতন ১২,৫০০ টাকা। ৫০ শতাংশ বাড়লে তা হবে ১৮,৭৫০ টাকা, আর দ্বিগুণ হলে পৌঁছাবে ২৫,০০০ টাকায়।
১৬তম গ্রেড (অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর): বর্তমান বেসিক ৯,৩০০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধিতে তা হবে ১৩,৯৫০ টাকা এবং দ্বিগুণ বৃদ্ধি কার্যকর হলে হবে ১৮,৬০০ টাকা।
১৮তম গ্রেড (ল্যাব সহকারী): বর্তমান ৮,৮০০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধিতে ১৩,২০০ টাকা এবং শতভাগ বৃদ্ধি বা দ্বিগুণ হলে হবে ১৭,৬০০ টাকা।
২০তম গ্রেড (অফিস সহায়ক ও নৈশপ্রহরী): ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বর্তমান ৮,২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১২,৩৭৫ টাকা এবং ১০০ শতাংশ বৃদ্ধি বা দ্বিগুণ হলে হবে ১৬,৫০০ টাকা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম বেতনবৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আশা করে বলেন, আসন্ন জাতীয় বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত ও ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও সমভাবে বিবেচিত হবেন।
এর আগে গত ১৮ মে দেশের প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য পে-স্কেলের সুখবর দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে। কীভাবে এবং সবচেয়ে উত্তম উপায়ে এটি কার্যকর করা যায়, তা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও বাস্তবায়ন কমিটি নিরলস কাজ করে যাচ্ছে।
.png)






