এসিআই গোদরেজ-আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ সাতটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় পৃথক তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিচালিত অভিযানে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। প্রতিষ্ঠানটি এসব পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা—মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকেও পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাতের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ না নেওয়ার অপরাধে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রি ও বিতরণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ নামের দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ব্র্যান্ডের নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে ‘মিঠাই’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাতের অপরাধে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, রাজধানীর বসিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং রাজধানীর হাজারীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ বিএসটিআই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)






