সড়কে প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী সড়কে প্রাণহানি ও ভয়াবহ দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সমন্বিত বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক এক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে বাংলাদেশ এই আহ্বান জানায়।
অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’
সড়ক নিরাপত্তা জোরদারে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, সুস্পষ্ট দায়িত্ব বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের সামঞ্জস্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।’
উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
.png)






