Advertisement

রুয়েট ক্যানটিনে শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, কারণ দর্শানোর নোটিশ

এশিয়া পোস্ট নিউজ, রুয়েট
রুয়েট ক্যানটিনে শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যানটিনে এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে ক্যানটিনের স্বত্বাধিকারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২৩ সিরিজের শিক্ষার্থী সৌভিক মণ্ডল (জয়) ছাত্রকল্যাণ দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা টিফিনের এক্সটেনশন কাউন্টার থেকে পার্সেল খাবার নিতে গেলে দায়িত্বরত এক কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এসময় ওই কর্মচারী চরম অসৌজন্যমূলক আচরণ করে। পরে মূল কাউন্টারে গেলে ক্যানটিনের ম্যানেজারও তার সঙ্গে রূঢ় ও অসম্মানজনক ভাষায় কথা বলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, রুয়েট ক্যানটিন চালুর পর আশা করেছিলাম অন্তত ভালো মানের সেবা পাব। কিন্তু খাবারের মান যেমন সন্তোষজনক নয়, তেমনি কর্মচারীদের আচরণেও কখনো মনে হয়নি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন ম্যানেজারের কাছ থেকে এমন ব্যবহার কোনোভাবেই কাম্য নয়।

লিখিত অভিযোগ পাওয়ার পর ‘সুপার শপ কমপ্লেক্স, ক্যাফেটেরিয়া ও শপ বরাদ্দ কমিটি’ জরুরি বৈঠকে বসে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্যানটিনের স্বত্বাধিকারী মো. মুর্শেদ জামানকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কর্মচারীর এমন আচরণ শিক্ষার্থীদের জন্য সুস্থ, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পরিপন্থী। পাশাপাশি ইজারা চুক্তির ধারা ৪(২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করার বিষয়টি চুক্তির স্পষ্ট শর্ত লঙ্ঘন।

রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবদুল্লাহ্ আল মাহমুদ জানান, শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা রুয়েট পরিবারের গুরুত্বপূর্ণ অংশ; তাদের সঙ্গে যেকোনো ধরনের অসদাচরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কথা বলতে ক্যানটিনের স্বত্বাধিকারী মো. মুর্শেদ জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।