ঢাবির জহুরুল হলের ৩২ স্থানে বসবে সিসি ক্যামেরা

এশিয়া পোস্ট নিউজ, ঢাবি
ঢাবির জহুরুল হলের ৩২ স্থানে বসবে সিসি ক্যামেরা
হল প্রাধ্যক্ষের কাছে সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করে হল সংসদ। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ৩২টি সিসি ক্যামেরা, দুটি মনিটর ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় করে হল প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করেছে হল সংসদ। এ সময় হল সংসদের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) বিকেলে হল সংসদের ভিপি মো. আহসান হাবিব ইমরোজের উদ্যোগে ক্রয় করা সিসি ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিনের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন হলে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।

অনুষ্ঠানে হল সংসদের ভিপি মো. আহসান হাবিব ইমরোজ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই হলে সিসি ক্যামেরা স্থাপনের দাবি ছিল। ভবনের গঠনগত সীমাবদ্ধতার কারণে এতদিন তা সম্ভব হয়নি। পরে হলের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সিসি ক্যামেরা ও মনিটর কেনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে আরও ১৬টি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগের জন্য হল সংসদকে ধন্যবাদ জানিয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন বলেন, হলের বিভিন্ন আয়ের উৎস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উন্নয়নমূলক কাজগুলো আরও সহজে বাস্তবায়ন করা যায়।

তিনি জানান, ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি করছে। অনিয়মের অভিযোগে সম্প্রতি ক্যান্টিন পরিচালনাকারীকে জরিমানাও করা হয়েছে।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নির্বাচনের সময় শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে কোনো সহিংসতা নেই। এ পরিবর্তনের পেছনে হল সংসদের পাশাপাশি হল প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সঙ্গে দাসের মতো আচরণের সেই সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না।

ডাকসুর ভিপি আরও বলেন, হল সংসদের ভিপি মো. আহসান হাবিব ইমরোজের উদ্যোগে সিসি ক্যামেরা কেনা সম্ভব হয়েছে। এ উদ্যোগের জন্য ডাকসুর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই জহুরুল হক হলের মূল ভবনের লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালুর আশা প্রকাশ করেন তিনি।