ঢাবি শিক্ষার্থীদের জন্য ২০ লাখ টাকার দুই ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ড. মাজিদ স্কলারশিপ ট্রাস্ট ফান্ড’ ও ‘রোজী আনোয়ারা মজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড’ নামের পৃথক দুটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ দুটি তহবিলের জন্য মোট ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এই চেক তুলে দেন দাতা সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, ড. মাজিদ স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এই তহবিলের আয়ের অর্থ দিয়ে প্রতিবছর পদার্থবিজ্ঞান বিভাগের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুই শিক্ষার্থীকে এমএস শ্রেণিতে অধ্যয়নকালে এককালীন ৪০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
অন্যদিকে, রোজী আনোয়ারা মজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড ফান্ডের ১০ লাখ টাকার আয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য মাসিক ৩ হাজার টাকা করে (মোট ৩৬ হাজার টাকা) গবেষণা বৃত্তি দেওয়া হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে দাতা সদস্যদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে নিজ নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার মানোন্নয়নে অ্যালামনাইদের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে গবেষণা অবকাঠামো রক্ষণাবেক্ষণ, আধুনিক যন্ত্রপাতির সংরক্ষণ ও গবেষণা তহবিল বৃদ্ধিতে প্রাক্তনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, ইইই বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ, দাতা সদস্য ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও আফরোজা চৌধুরী উপস্থিত ছিলেন।
.png)






