গবেষণা অনুদান পেলেন জকসু নেতা নূরনবী

বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গণতন্ত্র ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূরনবী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার চেক বিতরণ করা হয়। জবির স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষক-গবেষকদের মাঝে এই অনুদান প্রদান করা হয়।
জানা গেছে, মো. নূরনবীর গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশে ডিজিটাল মুদ্রা গ্রহণ: শরিয়াহ-সম্মততা ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জ’।
গবেষণা অনুদান গ্রহণের পর জকসু নেতা নূরনবী বলেন, গবেষণার মতো জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি গবেষকদের আর্থিক সহায়তার পাশাপাশি গবেষণার প্রতি প্রশাসনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা, শরিয়াহ-সম্মততা ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
গবেষণার পুরো যাত্রায় সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)






