রোবোকাপে ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

এশিয়া পোস্ট নিউজ
রোবোকাপে ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য
ইউআইইউ রেসকিউ রোভার টিম। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) রেসকিউ রোভার টিম।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) অধীনে পরিচালিত দলটি নয়টি দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়া ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম এবং ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিকভাবে ১৫তম স্থান অর্জন করেছে ইউআইইউ রেসকিউ রোভার টিম।

গত ২-৬ জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) ও ইনচন টেকনোপার্কের (আইটিপি) যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, মেক্সিকো, চীন, থাইল্যান্ড, কলম্বিয়া ও উরুগুয়েসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং রোবোটিকস দল অংশ নেয়।

ইউআইইউ জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দলটি আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি রেসকিউ রোবোটিকসের সাম্প্রতিক গবেষণা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ও করেছে দলের সদস্যরা।

প্রতিযোগিতায় ইউআইইউ রেসকিউ রোভার টিমের সদস্য নাজমুল হাসান আথিন প্লেনারি রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের মতে, আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে এ দায়িত্ব পালন দলটির কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি।

দলের সদস্যরা জানান, তাদের লক্ষ্য কেবল প্রতিযোগিতায় ভালো ফল অর্জন নয়; বরং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো উন্নত রেসকিউ রোবট উন্নয়নে কাজ করা। এমন অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, উপদেষ্টা, শিক্ষক, পৃষ্ঠপোষক, সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিযোগীরা।

রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ ইউআইইউ রেসকিউ রোভার টিমের এই সফল অভিষেক শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বাংলাদেশের রোবোটিক্স গবেষণা, উদ্ভাবন এবং দুর্যোগ-প্রতিক্রিয়া প্রযুক্তির বিকাশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে| একই সঙ্গে আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে ইউআইইউ’র ক্রমবর্ধমান সক্ষমতা ও সুনামকে আরও সুদৃঢ় করেছে|