রাজধানীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজধানীর উত্তরায় পপুলার ফার্মাসিউটিক্যালসের পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সড়কের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ঝিনাইদহের মহেশপুর থানার মাতুরা নগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোটরসাইকেলচালক মাহবুব আলম (২৯) ও একই এলাকার নাছির উদ্দিনের ছেলে আরোহী আব্দুল্লাহ আল নোমান (১৮)।
এ ঘটনায় পপুলার ফার্মাসিউটিক্যালসের পিকআপ ভ্যানচালক মো. রবিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিন নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। একই সঙ্গে জব্দ করেছে পিকআপ ভ্যান, যার নম্বর (ঢাকা মেট্রো-ম ১১-০৬৮৯)।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এশিয়া পোস্টকে বলেন, ‘ঢাকা থেকে মোটরসাইকেলে উড়াল সেতুর বিআরটি লেনে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন মাহবুব ও রবিন। পিকআপচালক রবিন টঙ্গী থেকে একই লেনে ঢাকায় প্রবেশ করছিলেন। ওই সময় আব্দুল্লাহপুর এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলই একজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে গেলে তিনিও মারা যান।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম এশিয়া পোস্টকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহতের ঘটনায় ঘাতক চালক রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মাহবুবের বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোর্শেদ আলম।






