আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

এশিয়া পোস্ট ডেস্ক
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
ডিএমপির লোগো। ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানী ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হবে। হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হতে যাওয়া এই তাজিয়া মিছিলের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে যানচলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

Advertisement

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ ও ধানমন্ডি এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল সাময়িকভাবে বন্ধ কিংবা নিয়ন্ত্রিত থাকবে।

ভোগান্তি এড়াতে নগরবাসীকে নিচের রুট ও সড়কগুলো এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

যেসব সড়কে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে

হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে তাজিয়া মিছিলটি ঝিগাতলা ধানমন্ডি লেকের (কারবালা) দিকে অগ্রসর হবে। এই সময়ে বন্ধ ও নিয়ন্ত্রিত সড়কগুলোর রুট ম্যাপ নিচে দেওয়া হলো:

হোসাইনী দালান ইমামবাড়া - হোসাইনী দালান রোড - বকশী বাজার লেন

আলিয়া মাদ্রাসা মোড় - বকশী বাজার (কল পাড়) মোড় - উমেশ দত্ত রোড

উর্দু রোড মোড় - হরনাথ ঘোষ রোড - লালবাগ চৌরাস্তা মোড়

গোর-এ-শহিদ মাজার মোড় - এতিমখানা মোড় - আজিমপুর চৌরাস্তা মোড়

ইডেন কলেজ - নিউমার্কেট মোড় - মিরপুর রোড

ঢাকা কলেজ - সায়েন্স ল্যাব মোড় - ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড

বিজিবি ৪ নম্বর গেট - সাত মসজিদ রোড - ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ইমামবাড়া সংলগ্ন চকমোড় ও কারা সদর দপ্তর এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিমূলক যাতায়াতের কারণে ওই সব রুটে যানচলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

মিছিল চলাকালীন আইনশৃঙ্খলারক্ষা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসী ও মোটরযান চালকদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।