ঢাবি ও ঢামেক এলাকায় পড়ে ছিল ৩ মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
ঢাবি ও ঢামেক এলাকায় পড়ে ছিল ৩ মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কাছাকাছি সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আরেক মরদেহ।

পুলিশ বলছে, নিহতরা ভরঘুরে, ফুটপাতে ঘুমাতেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে ফুটপাত ও তার বিপরীত পাশ থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই মো. মামুন বলেন, অমর একুশে হলের পাশের ফুটপাত ও তার বিপরীত দিকে দুজন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এল কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ‍দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে অচেনা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালের দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।