Advertisement

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, পলাতক ছাত্রদল নেতা

এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, পলাতক ছাত্রদল নেতা
অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে একটি বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যায় সাভার পৌরসভার ছায়াবিথি এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। ঘটনার পর থেকেই রিয়া মনির স্বামী ছাত্রদল নেতা রনি ইসলাম আত্মগোপনে রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, সদ্য ঘোষিত সাভার পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলাম তার স্ত্রীকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়েছেন। এ ঘটনায় রনিকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী। এর আগে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রিয়া মনি (১৯) নোয়াখালীর মাইজদী থানার আব্দুর রবের মেয়ে। তার বাবা-মা দুজনেই প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন রনি ও রিয়া দম্পতি। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে এই দম্পতির মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর ছাত্রদল নেতা রনি নিজেই তার মাকে ফোনে বিষয়টি জানান। এরপরই ঘটনাটি জানাজানি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। সোমবার বিকেলে পুলিশ এসে ঘরের তালা ভেঙে বিছানার ওপর থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করে। বর্তমানে রনির মোবাইল ফোন বন্ধ রয়েছে।

নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, রনি সম্প্রতি পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই অহংকারে বদলে যান। তিনি বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর শারীরিক নির্যাতন করছিলেন। রনিই রিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছেন।

রিয়ার নানি জাহানারা বেগম বলেন, আমাদের মেয়েকে রনি পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছে। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার ও রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, খবর পেয়ে বিকেলে ওই ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, রনি ইসলাম তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে তার মাকে ফোনে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আত্মহত্যার কোনো আলামত পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় রিয়া মনির মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন, যেখানে রনি ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।