কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রী নিহত
দুর্ঘটনায় বাসের একটি অংশ ভেঙে যায়। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার মনোহরগঞ্জে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :কুমিল্লা