ইনস্টাগ্রামে রিচ কমে যাচ্ছে, হতে পারে এই পাচ কারণ

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করছেন, তবুও রিচ আর ফলোয়ার বাড়ছে না? এমন অভিজ্ঞতা অনেক কনটেন্ট নির্মাতারই। অনেকেই মনে করেন, অ্যালগরিদমের কারণেই তাদের পোস্ট মানুষের কাছে পৌঁছায় না। তবে বাস্তবে বেশ কিছু ভুল ধারণা ও অভ্যাসই রিচ কমার অন্যতম কারণ হতে পারে।
ইনস্টাগ্রামের নিজস্ব পরামর্শ অনুযায়ী, শুধু বেশি পোস্ট করলেই বা অনেক হ্যাশট্যাগ ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায় না। বরং কনটেন্টের মান, ধারাবাহিকতা এবং সঠিক কৌশলই সফলতার চাবিকাঠি। চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত।
বেশি হ্যাশট্যাগ দিলেই রিচ বাড়ে
অনেকের ধারণা, যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা হবে, পোস্ট তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে এখন আর বিষয়টি এমন নয়।
ইনস্টাগ্রামের মতে, হ্যাশট্যাগ মূলত কনটেন্টকে নির্দিষ্ট বিষয়ে শ্রেণিবদ্ধ করতে সাহায্য করে। অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করার চেয়ে ক্যাপশনে প্রাসঙ্গিক কী–ওয়ার্ড ব্যবহার এবং মানসম্মত কনটেন্ট প্রকাশ বেশি কার্যকর।
প্রতিদিন পোস্ট করতেই হবে
অনেকে ভাবেন, প্রতিদিন পোস্ট না করলে রিচ কমে যাবে। কিন্তু ইনস্টাগ্রাম বলছে, প্রতিদিন পোস্ট করার চেয়ে নিয়মিত এবং ধারাবাহিকভাবে ভালো মানের কনটেন্ট প্রকাশ করা বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিদিন নিম্নমানের কনটেন্ট প্রকাশের বদলে সপ্তাহে তিন থেকে চারটি ভালো মানের পোস্ট প্রকাশ করলে দর্শকের আগ্রহ ধরে রাখা সহজ হয়।
রিচ না পেলে পোস্ট মুছে ফেলা
পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে আশানুরূপ সাড়া না পেলে অনেকেই সেটি মুছে আবার নতুন করে আপলোড করেন। কিন্তু এতে ভালো ফল পাওয়ার নিশ্চয়তা নেই।
বরং পোস্টটি কেন প্রত্যাশিত সাড়া পেল না, সেটি বিশ্লেষণ করুন। পরবর্তী কনটেন্টে সেই ভুলগুলো সংশোধন করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব।
ভালো ক্যামেরা ছাড়া সফল হওয়া যায় না
দামি ক্যামেরা না থাকলে ভালো কনটেন্ট তৈরি করা সম্ভব নয়, এমন ধারণাও সঠিক নয়।
ইনস্টাগ্রামের জনপ্রিয় অনেক রিলস সাধারণ স্মার্টফোনেই তৈরি করা হয়েছে। পরিষ্কার ভিডিও, ভালো আলো, স্পষ্ট শব্দ এবং আকর্ষণীয় বিষয়বস্তু থাকলে সাধারণ ফোন দিয়েও সফল হওয়া সম্ভব।
রিচ কমলেই শ্যাডোব্যানকে দায় দেওয়া
অনেক কনটেন্ট নির্মাতা রিচ কমে গেলেই মনে করেন, তাদের অ্যাকাউন্ট শ্যাডোব্যান হয়েছে। তবে সব সময় বিষয়টি এমন নয়।
দর্শকের আগ্রহের পরিবর্তন, একই ধরনের কনটেন্টের প্রতিযোগিতা কিংবা কনটেন্টের মান কমে যাওয়ার কারণেও রিচ কমতে পারে। তাই আগে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশন থেকে দেখে নিন, কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে অ্যাকাউন্টে সীমাবদ্ধতা এসেছে কি না।
ইনস্টাগ্রামে সফল হতে চাইলে শর্টকাটের চেয়ে মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরিতে গুরুত্ব দিন। পাশাপাশি নিয়মিত বিশ্লেষণ করুন কোন ধরনের পোস্টে দর্শকের সাড়া বেশি মিলছে। সঠিক কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে রিচ ও ফলোয়ার, দুটিই বাড়তে পারে।
সূত্র: সংবাদ প্রতিদিন




