Advertisement

দুপুরে নামাজ পড়ে ছাড়া পাওয়া চোর, রাতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
দুপুরে নামাজ পড়ে ছাড়া পাওয়া চোর, রাতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার
বাঁ থেকে— চুরির অভিযোগে শাস্তি হিসেবে নামাজ পড়ছেন ফয়জুল, পরে মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেন গ্রামবাসী। একই দিন রাতে মাদক বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম ফয়জুল। তিনি একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় যুবক জহির বলেন, চুরির অভিযোগে আটক করে মারধর না করে ভালো হওয়ার অঙ্গীকারে তাকে নামাজ পড়িয়ে ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই মাদক মামলায় গ্রেপ্তারের খবর শুনে আমরা হতাশ হয়েছি। মানুষ নিজে থেকে পরিবর্তন না চাইলে তাকে বদলানো কঠিন।

আরেক স্থানীয় যুবক আহসান উল্লাহ রাকিব বলেন, চোর শোনে না ধর্মের বাণী। অসহায় মনে করে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মাদক নিয়ে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এশিয়া পোস্টকে বলেন, কাল দুপুরে চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিল। পরে রাতে মাদকসেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।