থ্রি-পিস পরে নাচা সেই বিএনপি নেতা বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
থ্রি-পিস পরে নাচা সেই বিএনপি নেতা বহিষ্কার
খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর থ্রি-পিস পরে নাচ ও বহিষ্কারের চিঠি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে ব্যতিক্রমী উল্লাস করেন। থ্রি-পিস পরে তার এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

এ বিষয়ে বক্তব্য জানতে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।