লোগো থেকে ‘আকিমুদ্দ্বীন’ সরিয়েই জামায়াত আদর্শগতভাবে পরাজিত: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদ্দ্বীন’ শব্দটি বাদ দেওয়ার মধ্য দিয়েই আদর্শগতভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দবি করেন।
চরমোনাই পীর বলেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে ‘আকিমুদ্দ্বীন’ বাদ দিয়েছে, সেদিনই তারা আদর্শিক লড়াইয়ে পরাজিত হয়েছে। তাদের পেছনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধবিরোধিতার ইতিহাস রয়েছে। তা সত্ত্বেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে সুযোগসন্ধানী রাজনীতি করেছে—কখনও আওয়ামী লীগের সঙ্গে, আবার কখনও বিএনপির সঙ্গে।
তিনি আরও বলেন, লোগো থেকে ইসলামের মূল চেতনা সরিয়ে নেওয়ার পর তাদের মাঝে ইসলামী আদর্শের দ্বিতীয় কোনো ভিত্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই। ফলে যারা এখনও দলটির সঙ্গে সম্পৃক্ত, তারাও নিজেদের ইসলামী দল দাবি করার নৈতিক ভিত্তি হারিয়েছে।
জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, জামায়াত প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না; বরং প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই দেশ চালাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী ও আলহাজ আব্দুল করীমসহ অনেকে।
সম্মেলনের শেষ পর্বে ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন দলের আমির।
.png)






