কাদাভর্তি সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ

দীর্ঘদিন ধরে অবহেলিত ও কর্দমাক্ত সড়ক সংস্কারের দাবিতে ফেনীর পরশুরাম উপজেলায় এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের প্রধান কাঁচা সড়কে ধানের চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ওই সড়কে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন স্থানীয় তরুণ ও সাধারণ মানুষ। তাদের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় সড়কটি এখন যেন কাদার সমুদ্রে পরিণত হয়েছে। শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা বা সিএনজিচালিত অটোরিকশার মতো জরুরি যানবাহনও এই পথে চলাচল করতে চায় না, যার ফলে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুরূহ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মহসিন মজুমদার বলেন, বছরের পর বছর আমরা এই দুর্ভোগ সহ্য করছি। নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও পরে কেউ আর খবর নেন না। নুরুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, বর্ষাকালে কাদা মাড়িয়ে স্কুলে যেতে তাদের চরম অস্বস্তিতে পড়তে হয়।
এ বিষয়ে মির্জানগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, রাস্তাটির বেহাল দশার বিষয়টি ইউনিয়ন পরিষদ অবগত আছে। সড়কটি টেকসইভাবে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামিল বলেন, আসলে ২০২৪ সালের বন্যায় ফেনী জেলার অনেকগুলো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরামও বন্যাক্রান্ত উপজেলা ছিল। সেই হিসেবে এই রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ফেনী জেলার জন্য একটি প্রকল্প ডিজাইন করছি। এটি বাস্তবায়িত হলে জেলার সড়কগুলো দ্রুত মেরামত করা সম্ভব হবে। এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাস্তাটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।




