সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের শয়নকক্ষে কাজ করার সময় রাকিবুলকে একটি বিষধর সাপে কামড় দেয়। বিষের তীব্রতায় সে দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে, পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের নামে দীর্ঘক্ষণ সময় নষ্ট করা হয়।
পরবর্তীতে কিশোরের অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। ফলে যথাযথ চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি অত্যন্ত গুরুত্বের সাথে আহ্বান জানিয়ে বলেন, সাপে কাটার পর ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। রোগীকে যত দ্রুত হাসপাতালে আনা সম্ভব হবে, তার বেঁচে থাকার সম্ভাবনা ততটাই বেড়ে যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের পর আতঙ্কিত না হয়ে রোগীকে শান্ত রাখতে হবে। আক্রান্ত অঙ্গটি যতটা সম্ভব নড়াচড়া না করে স্থির রাখা জরুরি। কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে অ্যান্টিভেনমসহ যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
.png)






