বাথরুমে মিলল শুঁটকি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
বাথরুমে মিলল শুঁটকি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। গভীর রাতে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।