‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েছে পুলিশ। পরে মব সৃষ্টি করে আসামিকে ছিনতাই করেছে স্থানীয় জনতা।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের বাধার মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
জানা গেছে, শনিবার বিকেলে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে হামিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামের সাধারণ মানুষ পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশকে চারপাশ থেকে ঘিরে ধরেন। তারা হামিদুলকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে এবং স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে একপর্যায়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামিদুল ইসলাম কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাকে বিনা কারণে অন্যায়ভাবে আটক করার চেষ্টা করা হয়েছিল। এ কারণেই এলাকাবাসী তার মুক্তির দাবিতে একযোগে রাস্তায় নেমে আসেন।
তবে পুলিশের দাবি, হামিদুলের নামে থানায় মাদক মামলা রয়েছে, এ ছাড়া তিনি মাদক ব্যবসায়ী। তাকে আটক করার পর স্থানীয় ও তার পরিবারের লোকজন পুলিশকে ঘিরে ধরে তাকে ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী বলেন, পুলিশ দেখে হামিদুল নামে ওই ব্যক্তি দৌড় দিলে সন্দেহবশত পুলিশ তাকে আটক করে। তবে তল্লাশি করে তার কাছে আপত্তিকর কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
.png)






