বনরক্ষীদের কুপিয়ে আটক হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সুন্দরবনের দুই বনরক্ষীকে কুপিয়ে আটক এক হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ার খাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১৩ মে) দুপুরে শরণখোলা থানায় মামলা করেছে বন বিভাগ। আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এবং বন বিভাগের নৌকা চালক অপূর্ব কুমার সাহা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন বনরক্ষীরা। এ সময় বনের মধ্যে কয়েকজন হরিণ শিকারিকে দেখতে পান তারা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত তাদের ট্রলারে ওঠে লোকালয়ের দিকে পালানোর চেষ্টা করে।
পরে বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে শিকারিরা কালিয়ার খাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা সেখানে অভিযান চালিয়ে চিহ্নিত শিকারি কুদ্দুস রাজাকে আটক করেন।
আটক কুদ্দুস রাজাকে নিয়ে ফেরার সময় তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। এতে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও নৌকা চালক অপূর্ব কুমার সাহা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় আটক কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই বনরক্ষীকে উদ্ধার করে মঙ্গলবার রাতেই শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় ছিনিয়ে নেওয়া হরিণ শিকারি কুদ্দুস রাজাসহ তার সহযোগীদের বিরুদ্ধে বুধবার দুপুরে শরণখোলা থানায় মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।
.png)





