নাম বদল হলেও পরিচয়হীন নীলফামারীর ‘শহীদ রুবেল চত্বর’

নীলফামারী শহরের প্রবেশদ্বার গাছবাড়ী এলাকায় এক দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে পরিচিত ছিল একটি মুরাল। ওই মুরালের নাম রাখা হয়েছিল ‘দেওয়ান কামাল চত্বর’। জুলাই অভ্যুত্থানের পর নাম পরিবর্তন করে নীলফামারীর শহীদ রুবেলের নামে ‘শহীদ রুবেল চত্বর’ করা হয়।
গাছবাড়ী মোড়ে শহরের প্রবেশমুখে নির্মিত মুরালটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করত। জুলাই অভ্যুত্থানের পর মুরালের ওপর ব্যানার টানিয়ে নাম পরিবর্তন করা হয়। বর্তমানে সেখানে শহীদ রুবেলের নামের কোনো চিহ্ন দেখা যায় না। স্থাপনাটির বিভিন্ন অংশ ভেঙে গেছে, রং নষ্ট হয়ে গেছে।
স্থানীয়রা জানান, শহীদ রুবেলের নামে নামকরণ করা হলেও সেটি স্থায়ীভাবে সংরক্ষণ বা সৌন্দর্যবর্ধনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি ব্যানার টাঙিয়ে নাম পরিবর্তনের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয়েছে। ব্যানারটি ঝড়-বাতাসে ছিঁড়ে গেলে সেখানে নতুন করে ব্যানার স্থাপন বা কোনো ধরনের সংস্কার করা হয়নি।
এ বিষয়ে নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আমাদের সভায় এ বিষয়ে কয়েকবার আলোচনা হয়েছে। বর্তমানে কোনো মুরাল বা স্মৃতিস্থাপনা নির্মাণ করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে অথবা তাদের অনুমতি নিয়ে করতে হয়। যেহেতু এটি শহরের প্রধান সড়কের প্রবেশপথ, তাই আমরা সবার সঙ্গে পরামর্শ করে যত দ্রুত সম্ভব এটি সংস্কারের কাজ শুরু করব।
.png)






