প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়ায় জনতার ঢল

এক দিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন তিনি। গাড়িবহর মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।





